বিসমিল্লাহির রাহমানির রাহীম

বিষয়ঃ হুর

(নির্বাচিত গুরুত্বপূর্ণ আয়াত-এর তরজমা ও তাফসীর)

আয়াতে কারীমাহ্

كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ

[الدخان: 54]

সরল অনুবাদ

এরূপই ঘটবে ওদের;[১] আর আয়তলোচনা হুরদের সাথে তাদের বিবাহ দেব। [২]
সূরার নাম — আদ-দোখান | অবর্তীণ — মক্কায় | আয়াত নম্বর — ৫৪

সংক্ষিপ্ত তাফসীর

[১] অর্থাৎ, আল্লাহভীরুদের সাথে অবশ্যই এই ধরনের আচরণ করা হবে।

[২] حُوْرٌ হল حَوْرَآءُ এর বহুবচন। এর উৎপত্তি حَوَرٌ থেকে। যার অর্থ, চোখের সাদা অংশের অত্যধিক সাদা এবং কালো অংশের অত্যধিক কালো হওয়া। حَوْرَآءُ (হুর) এই জন্য বলা হয় যে, দৃষ্টি তাদের রূপ ও সৌন্দর্যকে দেখে হয়রান (মুগ্ধ) হয়ে যাবে। عَيْنٌ হল, عَيْنَآءُ এর বহুবচন। আয়তলোচনঃ প্রশস্ত বা ডাগর চোখ; যেমন হয় হরিণের চোখ। পূর্বেই আলোচনা হয়েছে যে, প্রত্যেক জান্নাতী কমসে কম দু'টি হুর অবশ্যই পাবে। যারা রূপ ও সৌন্দর্যের দিক দিয়ে যেন চাঁদ ও সূর্যের মত উজ্জ্বল হবে। অবশ্য তিরমিযীর একটি সহীহ বর্ণনা থেকে প্রতীয়মান হয় যে, প্রত্যেক শহীদ বিশেষ করে ৭২টি করে হুর পাবেন। (জিহাদের ফযীলতের পরিচ্ছেদসমূহ)

আয়াতে কারীমাহ্

مُتَّكِئِينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ ۖ وَزَوَّجْنَاهُم بِحُورٍ عِينٍ

[الطور: 20]

সরল অনুবাদ

তারা বসবে সারিবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে;[১] আমি তাদের বিবাহ দেব আয়তলোচনা হুরদের সঙ্গে।
সূরার নাম — আত্ব তূর | অবর্তীণ — মক্কায় | আয়াত নম্বর — ২০

সংক্ষিপ্ত তাফসীর

[১] مَصْفُوْفَةٍ একে অপরের সাথে মিলিত; যেন তা একটিই সারি। আবার কেউ কেউ এর অর্থ এই বর্ণনা করেছেন যে, তাদের মুখমন্ডল একে অপরের সম্মুখে হবে। যেমন, যুদ্ধের ময়দানে সৈন্যদল পরস্পরের মুখোমুখি হয়। এই অর্থকেই কুরআনের অন্যত্র এই ভাষায় বর্ণনা করা হয়েছে। (عَلَى سُرُرٍ مُّتَقَابِلِين) অর্থাৎ, মুখোমুখি হয়ে তারা আসনে আসীন থাকবে। (সূরা সাফফাত ৩৭:৪৪ আয়াত)

আয়াতে কারীমাহ্

فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ

[الرحمن: 56]

সরল অনুবাদ

সে সবের মাঝে রয়েছে বহু আনত নয়না;[১] যাদেরকে তাদের পূর্বে কোন মানুষ অথবা জ্বিন স্পর্শ করেনি। [২]
সূরার নাম — আর রহমান | অবর্তীণ — মক্কায় | আয়াত নম্বর — ৫৬

সংক্ষিপ্ত তাফসীর

[১] যাদের চোখের দৃষ্টি তাদের নিজ নিজ স্বামী ছাড়া অন্য কারো উপর পড়বে না এবং তাদেরকে নিজ নিজ স্বামীই সর্বাধিক উত্তম ও সুন্দর লাগবে।

[২] অর্থাৎ, কুমারী ও নব-যুবতী ও অবিবাহিতা হবে। এই আয়াত ও এর পূর্বের কিছু আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, যে জ্বিনরা মু'মিন হবে, তারাও মু'মিন মানুষদের মত জান্নাতে যাবে এবং তাদের জন্য সেখানে তা-ই থাকবে, যা অন্যান্য ঈমানদারদের জন্য থাকবে।

আয়াতে কারীমাহ্

فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ

[الرحمن: 70]

সরল অনুবাদ

সে সকলের মাঝে রয়েছে উত্তম চরিত্রের সুন্দরীগণ। [১]
সূরার নাম — আর রহমান | অবর্তীণ — মক্কায় | আয়াত নম্বর — ৭০

সংক্ষিপ্ত তাফসীর

[১] خَيْرَاتٌ থেকে উদ্দিষ্ট, চারিত্রিক ও আচার-আচরণের উৎকৃষ্টতা। আর حِسَانٌ এর অর্থ, রূপ-লাবণ্যের অপূর্বতা।